স্পোর্টস রিপোর্টার
নিজ ভেন্যু কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবল উত্সব করেছে বসুন্ধরা কিংস। কালও জয় নিয়ে ফিরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল। গতকাল কুমিল্লার মাঠে বসুন্ধরা কিংস ৩-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে। সহজ জয় পেয়েছে। আবারও সেই ব্রাজিলিয়ান রবসন, আর্জেন্টাইন ফুটবলার রাউল অস্কার বেসেরা গোল করলেও বিদেশিদের সঙ্গে যোগ হয়েছেন দেশি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ।
টানা সাত ম্যাচে সাত জয় নিয়ে বসুন্ধরা এখন ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে এককভাবে। কালকের খেলায় বসুন্ধরা তার নিয়মিত একাদশ থেকে কিছুটা পরিবর্তন করেছে। একাদশে অন্যতম বড় অস্ত্র ব্রাজিলিয়ান জনাথনকে নামানো হয়নি। বিপলু আহমেদ, মতিন মিয়াকে একাদশে নামিয়েছেন কোচ। হয়তো সহজ পাবেন এমন প্রত্যাশা ছিল স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের। পরিবর্তন করিয়ে বেঞ্চের খেলোয়াড়দেরও ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন কোচ। কালও কুমিল্লার স্টেডিয়ামে প্রচুর দর্শক দেখা গেছে। যদিও এই সমর্থকরা বসুন্ধরার পক্ষে গিয়েছিলেন। সমর্থকদেরকে বসুন্ধরার জার্সি দেওয়া হয়, টিকিট দেওয়া হয়। তারপরও ভালো, নিয়মিত খেলা হলে দর্শকও মাঠে ফেরার অভ্যাসটা গড়ে উঠবে।
বারিধারার জয় কেড়ে নিয়েছে চট্টগ্রাম আবাহনী
আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর দাবি ছিল রেফারির কারণে তারা ম্যাচ হেরে গেছে। এবার কী বলবে? উত্তর বারিধারার মতো দুর্বল দলের বিপক্ষে কোনো রকমে ২-২ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী মান বাঁচিয়েছে। অথচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচে ব্রাজিলিয়ান নিক্সন রোচার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই চট্টগ্রাম আবাহনী গোল হজম করে। বারিধারার আরিফের উত্স থেকে অধিনায়ক সুমন রেজা গোল করে সমতা আনেন ১-১। জমেওঠা লড়াইয়ে উলটো দ্বিতীয় গোল হজম করে আরমান আজিজের চট্টগ্রাম আবাহনী। এবার বারিধারর আরিফ গোল করেন ২-১। রেফারি ইনজুরি টাইম দেন ৮ মিনিট। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সৌভাগ্যক্রমে চট্টগ্রাম আবাহনী রাব্বী গোল করে মান বাঁচিয়েছেন। নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন। বারিধারার জয় কেড়ে নিয়েছে চট্টগ্রাম আবাহনী।
আজকের খেলা :
মোহামেডান ও পুলিশ। ৩টা, কুমিল্লা। আবাহনী ও শেখ জামাল এবং শেখ রাসেল ও আরামবাগ। ৩টা ৩০ ও ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
