কালভার্ট আছে রাস্তা নেই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫

কালিয়াকৈরে চলাচলে দুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈর উপজেলার সোনাখালী ব্রিজ-বাজহিজলতলী হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা সড়কে খালের ওপর নির্মিত কালভার্টটি জনসাধারণের কোনো কাজে আসছে না। শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে অনুমান ১০ বছর আগে  রেললাইনের পাশের খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়।

পাঁচ বছর আগে বন্যায় কালভার্টের পশ্চিম পাশের ২০০ গজ রাস্তার ব্যাপক ক্ষতি হয়। বন্যার পানির স্রোতে রাস্তার বেশ কিছু অংশে খাদের সৃষ্টি হয়। পাঁচ বছর পেরিয়ে গেলেও খাদে মাটি ভরাট করে রাস্তাটি চলাচল উপযোগী করা হয়নি। ফলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ রয়েই গেছে। মাদ্রাসার শিক্ষার্থীসহ বাজহিজলতলী গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করেন।  স্থানীয় ভুক্তভোগী সফিকুল ইসলাম, আবদুর রশীদ, বসির উদ্দিন ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওছমান গনি জানান, বাজহিজলতলী হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ ঐ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কালভার্টটি নির্মাণ করা হয়। বন্যায়  ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত না করায়  যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত খাদে আরেকটি কালভার্ট নির্মাণ করে রাস্তাটি দ্রুত সচল করা হবে।