গণ-উপদ্রবের অভিযোগ
ইত্তেফাক রিপোর্ট
গণ-উপদ্রবের অভিযোগে হাতিরঝিলের পর এবার ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আট কিশোরকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। রবিবার রাতে ফরিদাবাদ গ্লাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় এ অভিযান চলে। ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী আটকের পর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুর থানা পুলিশ ঐ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণ-উপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে এক নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে পুলিশ এই অভিযান পরিচালনা করেছে। এর আগে বিনোদনপ্রেমীদের বিরক্ত ও হয়রানির অভিযোগে কয়েক দফায় হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৮৮ জন কিশোরকে আটক করে পুলিশ। এর মধ্যে ১৩৫ জনকে তাদের সংশ্লিষ্ট থানায় প্রতি সপ্তাহে হাজিরা দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
