উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯

উখিয়া সীমান্তের ঘুমধুমে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা কারাবারি নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে ঘুমধুম ইউনিয়নের গর্জনবনিয়া চাকমাপাড়া সীমান্তে টহলরত বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, দুটি একনলা বন্দুক, চারটি তাজা কার্তুজ ও দুটি খোসা উদ্ধার করা হয়।

নিহতরা হলো, উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/২ ব্লকের ফোরকান মাহমুদের ছেলে মো. জোবায়ের (২৮) ও একই এলাকার লম্বাশিয়া ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৩ ব্লকের হামজা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (২৫)। এ সময় বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন।

কক্সবাজার ৩৪ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন জানান, রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী একটি বড় ধরনের ইয়াবার চালান নিয়ে সীমান্ত অতিক্রম করার জন্য ঘুমধুমের গর্জনবনিয়া চাকমাপাড়া ব্রিজের পূর্বপাশে পাহাড়ের ঢালুতে অবস্থান করছিল। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে ইয়াবা কারবারিরা দুই দলে বিভক্ত হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় বিজিবি পালটা গুলিবর্ষণ করলে দুই জন ইয়াবা কারবারি গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।