নিরাপদ সড়ক চাই’র (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেন নিসচা’র নেতারা।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নিসচা’র খুলনা জেলা ও মহানগর শাখা। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে একটি শ্রমিক সমাবেশে সাংসদ শাজাহান খান নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের বক্তব্য শুধু দেশবাসীকে ক্ষুব্ধ করেনি প্রধানমন্ত্রি শেখ হাসিনাকেও অপমান করেছে। কেননা প্রধানমন্ত্রী নিসচা চেয়ারম্যানকে সমাজসেবায় অবদান রাখায় একুশে পদকে ভূষিত করেছেন। সড়ক নিরাপদ আন্দোলনকে সমর্থন দিয়ে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছেন।
