নিজে করোনার টিকা নিয়ে ভোটারদেরও তা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেওয়ার পর তিনি এ অনুরোধ জানান।
সিইসি বলেন, ‘আসলেই উত্সবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি। আমি অনুরোধ করবো আমার ভোটারদের, আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ এলাকায় এই টিকা গ্রহণ করুন। এটা করোনা থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। টিকা নেওয়ার পর কোনো অসুবিধা হয় না।
গত রবিবার থেকে দেশ জুড়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। গত রবিবার দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও টিকা নেন।
