মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বলাত্কারের অভিযোগে এক শিক্ষককে আটক করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ। রবিবার বিকালে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.কাওসার হোসেন বায়রা চর জামালপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক এবং পটুয়াখালীর উত্তর দরুন্ডী গ্রামের আলী আহাম্মদের ছেলে।
এলাকাবাসী জানায়, বায়রা চর জামালপুরের ১২ বছর বয়সি দুই কিশোর ঐ মাদ্রাসায় লেখাপড়া করে। তারা হঠাত্ করে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরিবারের চাপে এক পর্যায় তারা বলে ফেলে মাদ্রাসার কাওসার হুজুর তাদের তার কক্ষে নিয়ে বলাত্কার করেন। এ ঘটনা ফাঁস হলে ক্ষুব্ধ জনতা কাওসার হুজুরকে ডেকে এনে বায়রা ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে। পুলিশ খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু বলেন, শিশু দুটির ওপর অমানবিক আচরণ করা হয়েছে। বলাত্কারে তাদের রক্তক্ষরণ হয়েছে। আমিই টাকা-পয়সা দিয়ে তাদের চিকিত্সার ব্যবস্থা করেছি। এ ধরনের ঘটনা তিনি আগেও ঘটিয়েছেন, কিন্তু অনেকেই লজ্জায় বলতে পারেনি।
সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলা হয়েছে এবং ৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
