বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জে. আতাউল হাকিম সারওয়ার হাসান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ টিকা গ্রহণ করেন।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সব হাসপাতালে সোমবার সকাল থেকে টিকাদান শুরু হয়। নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঢাকাস্থ বানৌজা হাজী মহসীনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিমান বাহিনী ঘাঁটি বাশারের মেডিক্যাল স্কোয়াড্রন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর সদস্যদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্রথমে টিকা গ্রহণ করেন। পরে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য সদস্যদের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ঢাকা সিএমএইচে টিকা গ্রহণ করেন। পরবর্তীকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় ৫০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা টিকা গ্রহণ করেন। —আইএসপিআর
