মাদারীপুরে শিবচরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ড্রামট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবচরের আড়িয়াল খা সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিক শিবচরের আড়িয়াল খা সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় একটি ভাঙ্গাগামী একটি ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও সালাউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোটরসাইকেল আরোহী সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে ও আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে বলে পুলিশ জানায়।
হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী ও হাসপাতালে নেওয়ার পরে আরেক জনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
