অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। সোমবার বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, আপনারা বাড়ি চলে যান, না হলে সেনাবাহিনীর মোকাবিলা করতে হবে।
এই ঘোষণার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। গতকাল দেশটিতে তৃতীয়দিনের মতো বিক্ষোভ দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানী নেপিডোতে সমবেত হয় লাখ লাখ বিক্ষোভকারী। অন্যান্য শহরেও বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে সেনাশাসনের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।
ইত্তেফাক/এসআর
