কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার বন্ধে রিটের শুনানি আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শুরু হবে।
রিটের বিষয়টি আজ আদালতে উপস্থাপনের পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই সময় নির্ধারণ করে দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এর আগে গতকাল বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে উক্ত টিভি চ্যানেলে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের ভিডিও ও লিঙ্ক ইউটিউবসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ ও অনলাইন মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।
১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে একটি প্রতিবেদন আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। ঐ প্রতিবেদন প্রচারের পর থেকে সরকারের বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। একইসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ জানায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়। পুলিশের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। এসব প্রতিবাদলিপিতে প্রতিবেদনটিকে অসত্য ও বানোয়াট হিসাবে অভিহিত করা হয়। এমতাবস্থায় আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হলো।
ইত্তেফাক/কেকে
