এই সময়ের ছড়া

রক্ষকই ভক্ষক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩০

 

গবাদি ঐ পশুর থেকে রক্ষা করতে খেত

বেড়া দিলাম, ফসল পাব—এমন অভিপ্রেত।

ফসল পাব, ফসল পাব মনের মাঝে সুখ,

স্বপ্নগুলো সেই খুশিতে হয় যেন উন্মুখ।

কিন্তু আমি ক’দিন পরেই কী দেখেছি হায়!

সুযোগ পেয়ে সঙ্গোপনে বেড়াতে খেত খায়।

 

ঘাড়ে আমার ভূত চেপেছে জানি আমি তাই—

সর্ষে ছাড়া ভূত তাড়ানোর কোনো উপায় নাই।

ওঝার কথায় তাই তো আমি করে কর্জ-ঋণ

সর্ষে কিনি বাজার থেকে দেখে শুভ দিন।

ক’দিন যাবার পরই আমার মন করে খুঁতখুঁত—

বুঝতে পারি, সরিষাতেই লুকিয়ে আছে ভূত।

 

শ্রমলব্ধ টাকাগুলোর নিরাপত্তার ভার

রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাদে তা কারেই বা দিই আর?

ব্যাংক হলো লেনদেনের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,

তাই তো ভাবি, ব্যাংকে রাখলে বাড়বে টাকার মান।

মিডিয়াতে খবর শুনে উলটিয়ে যায় চোখ!

ব্যাংকে টাকা হচ্ছে লোপাট, রক্ষকই ভক্ষক।