পাবনায় দুইজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৮

পাবনায় ২০০৮ সালে রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও দোষ প্রমাণ না হওয়ায় চারজনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২) এর বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা শহরের পৈলানপুর এলাকার মাদক বিক্রেতা মিজানুর রহমান মিজান, তার ছেলে তুষার রহমান। আর যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানের অপর ছেলে মিশু হোসেন, শহরের গোবিন্দা এলাকার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন, কাচারীপাড়ার আজাহার আলীর ছেলে আরশেদ আলী। আর খালাসপ্রাপ্তরা হলো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানের স্ত্রী চার্মি বেগম, পৈলানপুর এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী পান্না বেগম, রওশন আলীর দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে বেলা তিনটার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা পৈলানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরী হীরা কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আজাহার আলী বাদি হয়ে পাবনা সদর থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সদর থানার তৎকালীন এসআই হিফজুর আলম মুন্সী তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি মাছুম ও আরশেদ উপস্থিত ছিলেন। বাকি আসামীরা পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউসুফ আলী সরদার। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার।

ইত্তেফাক/এমএএম