নাদালের উড়ন্ত শুরু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

স্পোর্টস ডেস্ক

কোমরের ইনজুরিটা চিন্তায় রেখেছিল তাকে, রেখেছিল ভক্তদেরও। কিন্তু খেলার মধ্যে এর কোনো ছাপ পড়তে দিলেন না তিনি। সার্বিয়ার লাসলো জেরেকে ৬-৩,৬-৪, ও ৬-১ গেমের সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে উড়ন্ত সূচনা করেন রাফায়েল নাদাল। সেই চিরচেনা ছন্দে থেকেই গতকাল ম্যাচটি জিতেছিলেন ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা।

কোর্টে নামার আগে খুব বেশি প্রস্তুতির সুযোগ পাননি নাদাল। কোমরের ইনজুরির কারণে ছিটকে যান এটিপি কাপ থেকে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পর ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই স্প্যানিশ বলেন, ‘গত ১৫টি দিন কঠিন ছিল আমার জন্য। আজ টিকে থাকা প্রয়োজন ছিল আর সেটাই করেছি। সরাসরি সেট—এমন জয়ই আমি চাই। এখানে সবসময় আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

নাদাল ছাড়াও পুরুষ এককে জয় পেয়েছেন চতুর্থ বাছাই রাশিয়ার ডানিল মেদভেদভ ও তার স্বদেশি সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ।

এদিকে নারী এককে অঘটনের জন্ম দিয়েছেন টানা দুইবারের (২০১২ ও ২০১৩) চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। যুক্তরাষ্ট্রের অখ্যাত জেসিকা পেগুলার কাছে ৭-৫, ৬-৪ গেমে হেরে আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন বেলারুশ কন্যা। হারের পেছনে প্রস্তুতির ঘাটতিকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন আজারেঙ্কা। টুর্নামেন্ট শুরুর আগে ৭২ খেলোয়াড়কে থাকতে হয় বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে। আজারেঙ্কা ছিলেন তাদেরই একজন। হতাশায় ভেঙে পড়া সাবেক এই চ্যাম্পিয়ন বলেন, ‘পারফর্ম করতে না পেরে আমি হতাশ। এটা মেনে কিছুটা কঠিন কারণ আমি জানি আমি এর থেকে ভালো ও আরো ভালো খেলতে পারি। অবশ্যই কোয়ারেন্টাইনে থাকার প্রভাব পড়েছে খেলায়।’

আজারেঙ্কা অবাক করলেও নারী এককে জয় তুলে নিয়েছেন বাকি ফেভারিটরা। ডাঙ্কা কোভিচকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি। তবে জয়ের জন্য কিছুটা বেগ পোহাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনকে। অস্ট্রেলিয়ার ম্যাডি ইংলিসের বিপক্ষে ৭-৫ ও ৬-৪ গেমে জেতেন তিনি।