রেকর্ড ব্যবধানে হারল ভারত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

বয়স

৩০

পেরোনোর পর টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার

বোলার                         ম্যাচ            উইকেট

জেমস অ্যান্ডারসন           ৮৭             ৩৪৩

কোর্টনি ওয়ালশ              ৮১              ৩৪১

গ্লেন ম্যাকগ্রা                   ৬৫             ২৮৭

রিচার্ড হ্যাডলি                 ৫১              ২৭৬

অ্যালান ডোনাল্ড              ৪৭              ২১৬

 স্পোর্টস ডেস্ক  

এবার আর পঞ্চম দিনে রূপকথা লিখতে পারল না ভারত। সিডনি ও ব্রিসবেন দুটি অবিশ্বাস্য লড়াইয়ের পর চেন্নাইতেও এর পুনরাবৃত্তি দেখার আশায় বুক বেধেছিল সমর্থকরা। কিন্তু এবার হতাশায় ডুবাল বিরাট কোহলির দল। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২২ রানের রেকর্ড ব্যবধানে হেরেছে তারা। ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে এটাই ভারতের সবচেয়ে বড় পরাজয়।

জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ছুঁতে হবে ৪২০ রানের লক্ষ্য। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ান জেমস অ্যান্ডারসন। রিভার্স সুইংয়ে সাজানো দুর্দান্ত এক স্পেলে শুভমন গিল, অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্তকে সাজঘরে পাঠান ৩৮ বছর বয়সি এই পেসার। তখনই নিশ্চিত হয়ে যায় ম্যাচের পরিণতি। ৭২ রান করা কোহলি লড়াইয়ের চেষ্টা করলেও লাঞ্চের পরপরই শেষ হয় ম্যাচ। ১ উইকেটে ৩৯ রানে দিন শুরু করা ভারত গুটিয়ে যায় ১৯২ রানেই। ইংলিশদের হয়ে জ্যাক লিচ নেন সর্বোচ্চ ৪টি উইকেট।           

অধিনায়ক হিসেবে এনিয়ে টানা চার টেস্ট হারলেন কোহলি। অপরদিকে জো রুটের ব্যাটের মতো অধিনায়কত্বে বইছে বসন্তের আবহাওয়া। সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার ম্যাচে মোট ২৬ টেস্ট জিতে ছুয়ে ফেলেছেন ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক মাইকেল ভনকে। অনুমিতভাবে  ম্যাচ সেরার পুরস্কারটাও উঠে রুটের। নিজের শততম টেস্টে ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি (২১৮) হাঁকিয়ে দলকে এনে দেন শক্ত ভিত। যার ফলে প্রথম ইনিংসে ৫৭৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে ৩৩৭ রানে স্বাগতিকদের অলআউট করে ফলোঅন করানোর সুযোগ থাকলেও ফের ব্যাটিংয়ে নামে তারা। মাত্র ১৭৮ রান করলেও প্রথম ইনিংসের পুঁজিই জয় এনে দিতে যথেষ্ট ছিল তাদের।       

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ৫৭৮ ও ১৭৮

ভারত :  ৩৩৭ ও (লক্ষ্য ৪২০) ১৯২ (কোহলি ৭২, পন্ত ১১, অশ্বিন ৯; লিচ ৭৬-৪, অ্যান্ডারসন ১৭-৩, আর্চার ২৩-১)। ফল : ইংল্যান্ড ২২৭ রানে জয়ী

ম্যাচ সেরা : জো রুট। সিরিজ : চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড।