স্পোর্টস রিপোর্টার
আরামবাগকে হারিয়েছিল মোহামেডান। এরপর হার এবং ড্রয়ের মধ্যে ছিল। কুমিল্লায় মোহামেডান আবার জয় নিয়ে ফিরেছে। এবার বড় জয়ই পেয়েছে বলা যায়। কারণ পুলিশের দলটা খুব শক্তিশালী। সেই তুলনায় মোহামেডান ততটা না। তার পরও কাল বিকালে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে পুলিশকে। মোহামেডানকে জয় এনে দিয়েছেন দলের জাপানি অধিনায়ক উরু নাগাতা। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন উরু নাগাতা। কুমিল্লার মাঠে আগের ম্যাচে বসুন্ধরার কাছে বড় ব্যবধানে হেরেছিল। কাল নিজ ভেন্যুতে জয়টা পেয়ে দারুণ খুশি মোহামেডান। দ্বিতীয়ার্ধের গোলে এগিয়ে গিয়ে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত গোল পোস্টকে আগলে রেখেছিল সাদাকালোরা। পুলিশকে পাহারায় রেখে একমাত্র গোলের জয় নিয়ে ঢাকায় ফেরে মোহামেডান।
এই জয়ে সাত খেলায় ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে মোহামেডান। রবিবার মোহামেডান-ব্রাদার্স ম্যাচ ঢাকায়।
