রেডবুল লাইপজিগের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর বিকল্প হোম ভেন্যু হিসেবে বুদাপেস্টকে বেছে নিয়েছে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখও। করোনার প্রকোপ মোকাবিলায় সরকারের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিদেশি ক্লাবগুলোকে আতিথ্য দিতে পারছে না জার্মান দলগুলো। যে কারণে বিকল্প হোম ভেন্যুর খোঁজ করতে হয়েছে তাদের। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি গ্ল্যাডবাখ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বুদাপেস্টের পুসকাস এরিনায়। এর আগের সপ্তাহে, ১৬ ফেব্রুয়ারি লাইপজিগ-লিভারপুলের ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই স্টেডিয়ামে। করোনার নতুন ধরনের বিস্তার শুরু হওয়ার পর ইংল্যান্ডসহ বেশি আক্রান্ত রাষ্ট্রগুলো থেকে জার্মানিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে জার্মানি সরকার।
