যানবাহনের গতি সীমিত করতে গতিরোধকের বিকল্প নেই। বান্দরবান পৌর এলাকার প্রধান ও ব্যস্ত সড়কগুলোতে গতিরোধক নির্মাণ করা হয়েছে। কিন্তু কিছু গতিরোধকে নির্দিষ্ট রং না থাকায় গতিরোধকগুলোই এখন দুর্ঘটনা ও ভোগন্তির উপলক্ষ্য হয়ে দাঁড়িয়েছে! বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের দুটি এবং পুলিশ সুপারের বাসভবনের অনতিদূরে থাকা মসজিদ ও বিদ্যালয়ের সামনের দুটি গতিরোধকে কোনো রং নেই। মূল সড়কের পিচের রং ও গতিরোধকগুলোর রং একই। আবার বেশ কিছু গতিরোধকের রঙের অনেকটাই উঠে গিয়েছে। তাছাড়া গতিরোধকগুলোর আগে বা পরে সতর্কবার্তা সংবলিত কোনো সাইনবোর্ডও নেই বলে গাড়ি-চালকরা অনেকসময় গতিরোধকের অস্তিত্ব বুঝতে পারেন না। ফলে আচমকা ঝাঁকুনির সম্মুখীন হতে হয়। গাড়ির যাত্রীদের ঝাঁকুনি সওয়ার পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তাই রংহীন গতিরোধকগুলোতে নির্দিষ্ট রং লাগানোর পাশাপাশি গতিরোধকের আগে ও পরে সতর্কবার্তাসমৃদ্ধ সাইনবোর্ড স্থাপনে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আবু ফারুক, বনরুপা পাড়া, বান্দরবান
