কুমিল্লার একটি উপজেলা নাঙ্গলকোট। জেলা সদর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে। উপজেলাটি চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলা থেকে যথাক্রমে ৬টি ও ৫টি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালে গঠিত হয়। সে সময় উন্নত যোগাযোগব্যবস্থার অপ্রতুলতা থাকলেও ইদানীং এই অঞ্চলটি সম্ভাবনাময় হয়ে উঠেছে। ঢাকা-চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রেল রুট নাঙ্গলকোটের ওপর দিয়েই গেছে। দুঃখজনক হলেও সত্য, এখানে ফায়ার সার্ভিস স্টেশন নেই। পার্শ্ববর্তী লাকসাম উপজেলা থেকে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস আসতে আসতেই সব পুড়ে ছাই হয়ে যায়। সাম্প্রতিককালে এখানে পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। অথচ তাত্ক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাই এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি—নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহিব্বুল্লাহ আল হুসাইনী, নাঙ্গলকোট, কুমিল্লা
