কম্পিউটার পেল আট ইউনিয়ন পরিষদ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের আটটি ইউনিয়ন পরিষদে মঙ্গলবার কম্পিউটার দেওয়া হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নকে তথ্যসেবা আরো ত্বরানিত করার লক্ষ্যে এ কম্পিউটার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার আট ইউনিয়ন পরিষদ সচিবদের হাতে এগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি নাটোরে নামলা আখ রোপণ, পদ্ধতিগত মুড়ি আখ চাষ এবং আখের আন্তঃপরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে আখচাষিদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর চিনিকলের জেনারেল সেন্টার ক্লাব মিলনায়তনে নাটোর চিনিকলের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।
পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের মতবিনিময়
রাজবাড়ী প্রতিনিধি আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী অফিসার্স ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহমেদ সালেহীন এতে সভাপতিত্ব করেন।
বশেমুরবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বশেমুরবিপ্রবিসাসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি শামস জেবিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী পৌরসভার বর্তমান পৌর পরিষদের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টু নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা এবং কাউন্সিলরদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। এ উপলক্ষ্যে পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
আউটসোর্সিং বিষয়ক বেসিক প্রশিক্ষণ উদ্বোধন
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলীতে বেকার যুবকদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার দুপুরে আউটসোর্সিং বিষয়ক ১৫ দিনের বেসিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না। এতে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঞা।
প্রতিবন্ধী স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবি উপজেলা সদরের রাধাবাড়ী এলাকায় সোমবার বিকালে স্বজন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এডিপির অর্থায়নে জেলা পরিষদের বাস্তবায়নে বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেট। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আম্ফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার দেলুটি ইউনিয়নে আম্ফানে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে মঙ্গলবার ৪ হাজার ৫০০ টাকা করে নগদ টাকা বিতরণ করা হয়েছে। দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল এ টাকা বিতরণ করেন। একই সঙ্গে তিনি তাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা হাইজিন কিট বিতরণ করেছেন।
প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসহায়তা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মঙ্গলবার খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। উপজেলার ভায়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান।
ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে সোমবার বিকালে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাছের, সাংবাদিক অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেস প্রমুখ।
