পদ্মা ব্যাংকের এমডিকে বাংলাদেশ ব্যাংকের শোকজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৪

নিয়মনীতির তোয়াক্কা না করায় পদ্মা ব্যাংকের এমডি এহসান খসরুকে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফারমার্স ব্যাংকের বদনাম ঘুচিয়ে ব্যাংকটি এখনো গ্রাহকের আস্থা অর্জন করতে পারেনি। নানা সংকটে পড়ে গ্রাহকের আস্থা ছিল তলানিতে। ব্যাংকের পরিচালকরা গ্রাহকের টাকা নিয়ে ব্যাংক ফাঁকা করে দেন। অবস্থা এমন পর্যায়ে যায় যে, বাংলাদেশ ব্যাংক এ ব্যাংকের ঋণ দেওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে যারা এ ব্যাংকে টাকা রেখেছিলেন তারাও ফেরত পাচ্ছিলেন না। শুধু ব্যক্তি আমানতকারীই নন, সরকারি অনেক প্রতিষ্ঠানও এতে বিপদে পড়ে। ফলে এক আতঙ্কের নামে পরিণত হয় বহুল আলোচিত বেসকারি খাতের এ ব্যাংকটি। এক পর্যায়ে গ্রাহকের আস্থা ফেরাতে বাধ্য হয়ে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ব্যাংকটি ভালো অবস্থার দিকে যাবে—এমনটাই আশা করেছিলেন সবাই। তবে এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরু ইচ্ছামাফিক ব্যাংক পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না তিনি। আবার কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ অনুমতি না নিয়ে যখন তখন বিদেশ যাওয়ার ঘটনাও ঘটাচ্ছেন অহরহ। সম্প্রতি তার কানাডা সফর নিয়ে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে বলা হয়েছে, একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অন্তরায়। এ ধরনের কার্যক্রম মোটেও গ্রহণযোগ্য নয়। অবশ্য অজানা কারণে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক। এহসান খসরু প্রভাবশালীদের ছত্রছায়ায় চলেন বলে ব্যাংকপাড়ায় গুঞ্জন রয়েছে।

এদিকে সম্প্রতি এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা গ্রাহককে না জানিয়ে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে এ ব্যাংকে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ঐ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও দিয়েছে। এখন অনিয়মের ঘটনা প্রতিনিয়তই ঘটছে এ ব্যাংকে।  অথচ নাম পরিবর্তনের সময় এমডি এহসান খসরু ইত্তেফাককে বলেন, পদ্মা ব্যাংককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে।

যদিও এর আগেও সরকার থেকে এ ব্যাংক অনেক সুযোগ সুবিধা নিয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিয়ে এসে মূলধন ঘাটতি পূরণ এবং তারল্য সংকট দূর করে কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর (নগদ জমা) ও এসএলআর (বিধিবদ্ধ সঞ্চিতির হার) সমন্বয় করার ব্যবস্থা করা হয়েছে। সোনালী ব্যাংকের মতো ব্যাংক এ ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে।

এর আগেও এহসান খসরু যখন প্রাইম ব্যাংকের এমডি ছিলেন তখনো তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ডিভিডেন্ড ঘোষণায় অনিয়ম করায় ঐ ব্যাংককে জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও আইটিসহ বিভিন্ন খাতেও অনিয়ম করেন তিনি।