বিএনপিকে কাদের

এক যুগ পার হলো আন্দোলন কোন বছর?

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর পার হলো, কিন্তু আন্দোলন হবে কোনো বছর। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুর সেতুর চার লেনবিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণও এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান, দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশি, তার চেয়ে বেশি আগ্রহ সরকারের বিরোধিতায়। আওয়ামী লীগ পালটাপালটি কর্মসূচিতে বিশ্বাসী নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সভা-সমাবেশ, গণসংযোগ ঘোষণা করেছে। এটা কোনো পালটাপালটি কর্মসূচি নয়। কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতারা এখন বলছেন, সংগঠনকে গুছিয়ে তারা আন্দোলনে নামবেন। আসলে জনগণ বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পেরোল, যাতে কর্মীরাও হতাশ। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিএনপির আন্দোলন সীমাবদ্ধ।