বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগ, অবৈধ কর্মীদের বৈধকরণ ও মেয়াদ শেষে ফেরানোর প্রক্রিয়া ঠিক করে মালদ্বীপের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে দুই পক্ষের মধ্যে এই এমওইউ সই হয়। এছাড়া ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরেকটি এমওইউ সই হয়েছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ শহীদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে চুক্তিসইসহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে আমরা অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—একটি জয়েন্ট কমিশন গঠন, মানবসম্পদ বিষয়ে চুক্তি ও ফরেন সার্ভিস প্রশিক্ষণের জন্য চুক্তি। তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশ থেকে নার্স নেবে বলে জানিয়েছে। মালদ্বীপ সরকার ঘোষণা দিয়েছে, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশির বিনা মূল্যে করোনা টিকা দেবে। সরাসরি জাহাজ চলাচলসহ একাধিক বিষয়ে আলোচনা করেছি।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ দ্বিপাক্ষিক সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরো কোন কোন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও কথা হয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করছে। মালদ্বীপ সরকার তাদের অধিকার এবং স্বার্থ রক্ষায় সব সমর্থন দিয়ে যাবে। কিন্তু মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিত হওয়া প্রয়োজন। নিয়মিত অভিবাসন নিশ্চিতে মালদ্বীপ-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে আমরা সম্মত হয়েছি। অনিয়মিত অভিবাসীরা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে মালদ্বীপ সহযোগিতা করবে। পর্যটন নির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপে বর্তমানে ৮০ হাজারের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ বাংলাদেশ সফরে আসবেন বলেও দুই পররাষ্ট্রমন্ত্রী জানান।
