ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোগলটুলা গ্রামে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে রোহেল (৩০) নামে এক যুবক তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে  অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোহেল সরাইল উপজেলায় মোগলটুলা গ্রামে গ্রামের লিয়াকত আলীর ছেলে। রোহেলের ঘরের সামনে থুতু ফেলেন তার চাচাতো ভাই কাউসার। থুতু ফেলার ঘটনার প্রতিবাদ করলে রোহেলের মা জরিনা বেগমের সঙ্গে কাউসারের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় আবারও দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় রোহেলকে টেঁটা দিয়ে আঘাত করেন কাউসারের ভাই আবু বক্কর। পরে রোহেলকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আহমেদ বলেন, থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ সূএপাত হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। রাতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার চেষ্টা চলছে। 


ইত্তেফাক/এনএ