স্টার সিনেপ্লেক্সে ১০০ টাকায় দেখা যাবে ‘ন ডরাই’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৬

মাত্র ১০০ টাকা টিকেট মূল্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ন ডরাই’ দেখার অপূর্ব সুযোগ দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলবে ছবিটি। আর এ ছবির টিকেট মাত্র ১০০ টাকায় পাবেন দর্শকরা।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ‘ন ডরাই’ নিয়ে নতুন করে অনেকের কৌতুহল তৈরি হয়েছে। সেই সাথে যারা আগে দেখতে পারেননি তাদেরকে দেখার সুযোগ করে দিতে ছবিটি পুনরায় হলে আনছি আমরা। দর্শকদের সুবিধার্থে টিকেটের মূল্য সহজলভ্য করা হয়েছে। আশা করছি দর্শকরা সুযোগটা উপভোগ করবেন।’

সম্প্রতি ঘোষিত ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ সেরা চলচ্চিত্রসহ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে স্টার সিনেপেপ্লক্স প্রযোজিত প্রথম ছবি ‘ন ডরাই’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা সাউন্ড ডিজাইন, সেরা সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ছবিটি।

ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। ছবিটির ভাবনাও তার। দেশের প্রথম নারী সার্ফার নাসিমার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণের কথা ভাবেন তিনি।

২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পায় স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

ইত্তেফাক/বিএএফ