নাটোর চিনিকলে আখ মাড়াই বন্ধ ৫৪ দিনেই!

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৯

নাটোর প্রতিনিধি

আখের অভাবে নির্দিষ্ট সময়ের আগেই নাটোর চিনিকলের চলতি মৌসুমের আখমাড়াই কার্যক্রম শেষ করা হয়েছে। নাটোর চিনিকল সূত্রে জানা যায়, ১ লাখ ৩২ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ৭ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত ১১ ডিসেম্বর নাটোর চিনিকলের চলতি আখমাড়াই মৌসুম শুরু হয়। এই মৌসুমে চিনিকল চালু থাকার কথা ছিল ৯০ দিন। কিন্তু পর্যাপ্ত আখ না পাওয়ায় ৫৪ দিনের মাথায় গত ২ ফেব্রুয়ারি মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়। ৫৪ দিনে মাত্র ৬৯ হাজার ৯৪০ মেট্রিক টন আখমাড়াই করে মাত্র ৩ হাজার ৭০১ মেট্রিক টন চিনি উত্পাদিত হয়। বিলম্বে চিনিকল চালু হওয়ায় এবং মিল বন্ধ হওয়ার আশঙ্কা থাকায় চাষিরা উত্পাদিত আখ গুড় ব্যবসায়ীদের কাছে বেশি মূল্যে বিক্রি করেছেন। এ ব্যাপারে চিনিকলের কৃষি বিভাগের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আবুল বাশার জানান, এবারে চিনিকল বিলম্বে চালু হয়। তাছাড়া বৃষ্টি ও জলাবদ্ধতায় আখখেতের অনেক ক্ষতি হওয়ায় সামগ্রিকভাবে আখের উত্পাদন কমে গেছে। এসব কারণে নির্দিষ্ট সময়ের আগেই আখমাড়াই কার্যক্রম বন্ধ করা হয়েছে।