কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া-রামচন্দ্রপুর সড়ক। সড়কটির আইথর-ভাটিরকোণা নামক এলাকায় রাজেশ্বরী নদীর ওপর একটি সেতুর মধ্যখানের পাটাতন ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। বেরিয়ে পড়েছে রড। এতে দুর্ভোগে পড়েছে আশপাশের অন্তত ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান খোকা বলেন, সেতুটি পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটোরিকশাচালক শহীদ বলেন, আমরা ভয় নিয়ে সেতুটি পার হই। স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল হামিদ বলেন, বিষয়টি নিয়ে পৌর মেয়রের সঙ্গে কথা বলেছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ঐ সেতুটির কাজ করবে পৌরসভা কর্তৃপক্ষ।
