ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় সড়ক ও মহাসড়কগুলোতে চলছে অবৈধ যানবাহন নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি। আর এসব যানবাহনে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় সময় দুর্ঘটনায় ঘটছে হতাহতের ঘটনা। গত ১৩ জানুয়ারি কুষ্টিয়া থেকে কাজ শেষে আলমসাধু যোগে ঝিনাইদহ ফেরার পথে মদনডাঙ্গা এলাকায় দুর্ঘটনায় ছয় জন নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হন আরো চার জন। ঝিনাইদহ ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর বলেন, বর্তমানে সড়ক মহাসড়কে ৯৫ ভাগ দুর্ঘটনা ঘটছে নসিমন, আলমসাধু ও ভটভটির কারণে। তিনি অবিলম্বে এসব যানসহ নাটা হাম্বার ট্রাক ও ট্রাক্টর ট্রাক বন্ধের দাবি করেন। ঝিনাইদহের পুলিশ সুপার মনতাসিরুল ইসলাম বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশ মাঝেমধ্যে অভিযান চালায়। আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি স্বীকার করেন, মহাসড়কগুলো থেকে এসব যানবাহন সম্পূর্ণ হটানো সম্ভব হয়নি।
