ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুথু ফেলা নিয়ে দ্বন্দ্বে রোহেল (৩০) নামের এক যুবক তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ঐ রাতে উপজেলার মোগলটুলা গ্রামে হত্যার ঘটনা ঘটে। নিহত রোহেল ঐ গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোহেলের ঘরের সামনে থুথু ফেলেন তার চাচাতো ভাই কাউসার। এর জেরে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। রোহেলকে ট্যাটা দিয়ে আঘাত করেন কাউসারের ভাই আবু বক্কর। পরে জেলা সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আহমেদ বলেন, থুথু ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ সূত্রপাত হয়েছে। রাতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
