সৈয়দপুরে অবৈধ সাত ইটভাটাকে জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। হাইকোর্টের নির্দেশে ঐ অভিযান চালানো হয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কামারপুকুর ইউনিয়ন ও পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভাটাগুলো আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজিনা আকতার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মেজবাহুল আলমের নেতৃত্বে ইটভাটাগুলোতে অভিযান চলে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজিনা আকতার জানান, এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো লাইসেন্স নেই।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকুল ও সম্পাদক মজিদ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে তাজুল ইসলাম মুকুল সভাপতি ও এম এ মজিদ সাধারণ সম্পাদক জয়ী হয়েছেন। সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন। এর আগে রবিবার কেন্দ্রীয় বাস টার্মিনালে সংগঠনের প্রধান কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। জাকির হোসেন চৌধুরী কাঞ্চন জানান, নির্বাচনে সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৩টি পদে মোট ৫৮ জন প্রার্থী প্রতিন্দ্বিতা করেন। এর মধ্যে সহসাংগঠনিক পদে ওবায়দুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মীর্জাগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা বুধবার বিক্ষোভ মিছিল করেছে। বেলা ১১টায় তারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা কোর্টসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে উপজেলা পরিষদের গেটের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদবঞ্চিত মো. রাকিব মৃধা দাবি করেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং এ সময় পুলিশের লাঠিচার্জে আট জন নেতাকর্মী আহত হয়। এ ব্যাপারে মীর্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহআলম জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ কোনো ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেনি।
ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
পাবনা প্রতিনিধি কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে বুধবার পাবনায় মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, আম্বিয়ারা খাতুন প্রমুখ।
কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা রাজাপুরে বুধবার তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে স্থানীয় এমপি বজলুল হক হারুন এ মেলা উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান।
