তরুণদের প্রতি মেয়র তাপস
ইত্তেফাক রিপোর্ট
মাদক ও অপসংস্কৃতি ত্যাগ করে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে মেয়র বলেন, ‘প্রতি বছরই এই আয়োজন করা হবে । এই আয়োজনের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক খেলাধুলার প্রচলন আবার ফিরে আসবে। প্রথম আয়োজনে আমরা ফুটবল ও ক্রিকেটকে নিয়ে আসতে পেরেছি। পরবর্তীতে বাস্কেটবল, ব্যাডমিন্টন ও জাতীয় খেলা কাবাডিকে আমরা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করব। ’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, জাতীয় টিমে ঢাকার ছেলে এখন খুব একটা পাই না। অথচ ক্রিকেট ছিলই তো ঢাকায়। অবশ্য এর পেছনে একটা কারণও আছে, ঢাকায় খেলার মাঠই তো নেই। খেলবে কোথায়? এ সময় দায়িত্ব দেওয়া হলে যে কোনো ক্রিকেট মাঠের রক্ষণাবেক্ষণ ও দেখাশোনায় বিসিবি দায়িত্ব পালন করবে বলে বিসিবি সভাপতি জানান । অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড থেকে ৬৩টি ফুটবল দল এবং ৬৪টি ক্রিকেট দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
