বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের রাষ্ট্রীয় খেতাব বাতিল হবে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী যে চার জনের নাম আদালতের রায়ে ঘোষিত হয়েছে। তাদের সনদ বাতিল হয়েছে। গতকাল কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় মুক্তিযোদ্ধাদের নামে কয়েকটি সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একই বৈঠকে খন্দকার মোশতাক, জিয়াউর রহমানসহ আরো অনেকের নাম এসেছে, যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত। একটি উপকমিটি করা হয়েছে। আগামী বৈঠকে বঙ্গবন্ধু হত্যায় কার কী ভূমিকা ছিল, দালিলিক প্রমাণসহ পেশ করার পর তাদের সম্মানসূচক পদবি বাতিল করা হবে। কালিয়াকৈর পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে পৌর মেয়র মুজিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্টজন ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় মন্ত্রী ফিতা কেটে বিভিন্ন সড়কের নামফলক উদ্বোধন করেন।