ইত্তেফাক রিপোর্ট
কিছুটা উত্থানে গতকাল শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯ দশমিক ৪০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫ দশমিক ৩৪ পয়েন্টে, ২১০১ দশমিক ৮২ পয়েন্ট এবং ১১৮১ দশমিক ৩৯ পয়েন্টে। গতকাল ডিএসই ৭৮৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির বা ২৬ দশমিক ৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৮টির বা ৪১ দশমিক ৮১ শতাংশের এবং ১১১টির বা ৩১ দশমিক ৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৯ দশমিক ০৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
