স্পোর্টস রিপোর্টার
বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে এক মঞ্চে দেখা যায় না। এই দুই জনকে একসঙ্গে পাওয়া গেল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে দুই জনকে এক মঞ্চে এনেছেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণে মঞ্চের অন্যান্য সংসদ সদস্য এবং অতিথিরাও দারুণ খুশি। ক্রিকেট এবং ফুটবল দিয়ে আন্তঃওয়ার্ড খেলার প্রথম আয়োজন করল দক্ষিণ সিটি।
বিসিবি সভাপতিকে পেয়ে ক্রিকেট নিয়ে আলোচনা উঠল সংবাদমাধ্যমে। চট্টগ্রাম টেস্টে ব্যর্থতায় টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্ব এবং কোচ ডমিঙ্গোর পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন।
অধিনায়ক এবং কোচ পরিবর্তনের প্রশ্ন উঠলে পাপন বলেন, ‘এই মুহূর্তে এই সব আলোচনা করাটা ঠিক হবে না। এখন সিরিজ চলছে। তাছাড়া আমার মনে হয় না একটা খেলার পারফরম্যান্স দেখে এরকম কঠিন সিদ্ধান্ত উচিত। মনে রাখবেন এই ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরিজে হারিয়েছে। তাই ওরা তো একটা টেস্টে জিততেই পারে। ওরা পঞ্চম দিনে অসম্ভব ভালো খেলেছে। এটাও সত্যি আমরা যে পরিমাণ সুযোগ নষ্ট করেছি, এভাবে নষ্ট করলে ম্যাচ হাত ছাড়া হয়ে যায়। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ।’ ঢাকা টেস্ট নিয়ে পাপন বললেন, ‘ঢাকা টেস্টে যেন আমরা ভালো খেলি সেটাই এখন বড় কথা।’
