আহমেদ ইমতিয়াজ বুলবুলের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র পেয়েছে কালজয়ী অসংখ্য গান। বহুবার তার পায়ের ধুলো নিয়েছে এই এফডিসি চত্বর। কিন্তু আজ নিথর দেহে শেষবারের মতো ঘুরে গেলেন তার চেনা জায়গাটি। তাকে বিদায় জানাতে আসেন শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
বুধবার দুপুরে কালজয়ী গানের স্রষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের লাশ এফডিসিতে নিয়ে যাওয়া হয়। এখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এফডিসির মসজিদের ইমাম জানাজা পড়ান।
জানাজা নামাজে অংশ নেন চিত্রনায়ক আলমগীর, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান এবং প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু প্রমুখ।
বুলবুলকে শেষবারের মত দেখতে এসে কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। এ সময় সহকর্মীদের কান্নায় সিক্ত হয় বুলবুলের কফিন।
জীবদ্দশায় চলচ্চিত্রের বহু গানে সুর দিয়েছেন বুলবুল। তার কালজয়ী গানগুলো গেয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কনক চাপা, রুনা লায়লা, কুমার বিশ্বজিত।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী
আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এই কিংবদন্তী।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর চারটার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা গানের এই প্রবাদ পুরুষ।
ইত্তেফাক/জেডএইচ
