র্যাংকিংয়ে উন্নতি মুমিনুল-মিরাজের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

স্পোর্টস ডেস্ক

দলগতভাবে চট্টগ্রাম টেস্টে জয় না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা। পুরস্কার স্বরূপ আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।

ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাকানো বাঁহাতি এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৫৭৯।

আন্তর্জাতিক টেস্টে প্রত্যাবর্তনেই হাফ সেঞ্চুরি করেন সাকিব। ৬৮ রানের ইনিংসের কারণে র্যাঙ্কিংয়ে চারধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন তিনি। এই বিভাগে যথারীতিভাবেই শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

সাকিবের মতো মিরাজও উন্নতি করেছেন চার ধাপ। তবে ব্যাটিং নয় বোলিংয়ে। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেওয়া এই ডানহাতি স্পিনার ২৮ থেকে উঠে এসেছেন ২৪-এ। তার ঠিক উপরেই আছেন সাকিব। বাংলাদেশের মধ্যে তিনিই সবার ওপরে।