স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার লিগ হকির তালা ঝুলছে তিন বছর ধরে। কবে শুরু হবে তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। এমনকি গতকাল ফেডারেশন নির্বাহী কমিটির সভায় এ বিষয়ে মিলল না কোনো সুরাহা। তাই ঝুলেই থাকল লিগের ভাগ্য।
গত নভেম্বরে লিগ শুরু করার আশা দেখিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। কিন্তু নভেম্বর পেরিয়ে ফেব্রুয়ারি আসলেও ক্লাবগুলোর সঙ্গে বোঝাপড়া না হওয়ায় লিগ মাঠে গড়ায়নি। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে ক্লাবগুলো তাদের প্রতিনিধির নাম পাঠিয়েছে। তাই আগামী সপ্তাহে পরবর্তী সভায় সুনিশ্চিত কিছু সিদ্ধান্ত আসার ধারণা দিয়েছে ফেডারেশন।
গতকাল সভা শেষে বাহফে সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘লিগের প্রক্রিয়াটা চলমান আছে। এটা শিগিগরই হবে।’ মূলত ক্লাবগুলোর অর্থনৈতিক কারণেই নভেম্বরে লিগ করা যায়নি বলে জানিয়েছেন সভাপতি।
এদিকে আগামী মে মাসে ফ্রাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর চিন্তা করছে ফেডারেশন। তাই এর আগেই প্রিমিয়ার লিগের খেলা শেষ করতে চায় তারা। এছাড়া ভারতের জুনিয়র হকি দল ৬ ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে এবং ফেডারেশনও তাতে আগ্রহ প্রকাশ করেছে।
