২০২৩ সালে চাঁদে রকেট পাঠাবে তুরস্ক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭

২০২৩ সালে চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক। এ লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। গতকাল জাতীয় মহাকাশ কর্মসূচি এবং তুর্কি স্পেস এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এপি

নতুন এই পরিকল্পনার মধ্যে মহাকাশে নভোচারী পাঠানো ছাড়াও আন্তর্জাতিক উপগ্রহ ব্যবস্থা উন্নয়নের বিষয়টিও রয়েছে। এরদোয়ান বলেন, ২০২৩ সালের শেষের দিকে চাঁদে রকেট পাঠানো হবে বলে আমরা আশা করছি। সে সময়ে আমাদের প্রজাতন্ত্রের শতবর্ষ পূর্তিও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, চাঁদে মিশনের প্রথম পর্যায়টি হবে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে। আর দ্বিতীয় পর্যায়টি হবে তুর্কি রকেট ব্যবহার করার মাধ্যমে। তিনি বলেন, মহাকাশ স্টেশনও গড়ে তোলার লক্ষ্যও রয়েছে তাদের। তিনি চান, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করতে পারে।

 এরদোয়ান বলেন, আমরা আশা করছি, আমাদের এ চেষ্টা সফলকাম হবেই। এর মাধ্যমে মহাকাশ গবেষণায় এগিয়ে যাবে আমাদের দেশ। ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় আর্থিক অনটন চলছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় সরকারকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং মেধা পাচার বন্ধ হবে। মহাকাশ অভিযানে কত অর্থ খরচ হবে তা জানা যায়নি।

তবে মিশনের লক্ষ্য নিয়ে এরদোয়ান বলেন, ‘আমাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে। আমাদের শিকড় থাকবে বিশ্বে, আর ডালপালা থাকবে মহাকাশে।’