তিন সপ্তাহের জন্য এই
সিদ্ধান্ত :স্পিকার
আলজাজিরা
আফ্রিকার দেশ ঘানায় কমপক্ষে ১৭ আইনপ্রণেতা ও আরো ১৫১ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির পার্লামেন্টের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহ ধরে সংসদের কার্যক্রম বন্ধ থাকবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার পার্লামেন্ট বন্ধের ঘোষণা দেন স্পিকার আলবান বাগবিন। আগামী ২ মার্চ পর্যন্ত পার্লামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্লামেন্ট জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করতেই এই কয়েক দিন সবকিছু বন্ধ রাখা হচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেন, পার্লামেন্ট সদস্যদের সঙ্গে আলোচনা করেই পার্লামেন্ট তিন সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আকুফো আদ্দোকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে বৈঠক চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। গত ডিসেম্বরে পুনরায় নির্বাচিত হন আকুফো। কিন্তু তিনি এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। করোনা মহামারি শুরুর পর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে মারা গেছে ৪৮২ জন। দেশটিতে শেষকৃত্য, বিয়ে, পার্টিসহ বিভিন্ন জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সি বিচ, নাইট ক্লাব, সিনেমা হল এবং পাব বন্ধ রাখা হয়েছে।
গত মাসে স্পিকারের পক্ষে ভোট দেওয়ার সময় বিরোধী দলগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পার্লামেন্টে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল সেনাবাহিনী। দুই প্রধান দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে নতুন পার্লামেন্ট। ফলে দেশটির রাজনৈতিক অচলাবস্থা ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
