করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন পুরুষ আর নারী তিন জন। তাদের মধ্যে সাত জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। গতকাল বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরও ৭১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
