এই রায় আইনের শাসনের জন্য ভালো ----আবুল কাসেম ফজলুল হক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডে আট আসামির মৃত্যুদণ্ডের রায় হওয়ায় সন্তোষ জানিয়েছেন তার বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এই রায় দেশে আইনের শাসনের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘২০১৫ সালের ৩১ অক্টোবর যখন দীপনকে হত্যা করা হয় তখন টেলিভিশন খুললে দেখা যেত হত্যার শিকারদের আত্মীয়স্বজনদের কান্নাকাটি। এই বিচারশূন্যতার মধ্যে দীপন যখন নিহত হলো তখন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সে খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত ও প্রচারিত হলো। জাতিসংঘের তত্কালীন মহাসচিব বললেন, শুধু বই প্রকাশের কারণে প্রকাশক হত্যার দৃষ্টান্ত এর আগে পাওয়া যায়নি। তিনিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও দৃষ্টান্তমূলক শাস্তি চান দোষীদের। দেশের সব মহল থেকেও দাবি ওঠে, দৃষ্টান্তমূলক শাস্তির। ঐ অবস্থায় সরকারের ওপর চাপ ছিল দীপনের হত্যার বিচার তাড়াতাড়ি শুরু করার।’

জঙ্গিদের হাতে নিহত অন্যদের বিষয়েও এ ধরনের শাস্তি হওয়া উচিত কি না—এ প্রশ্নের জবাবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘যদি সন্দেহাতীতভাবে প্রমাণ পাওয়া যায় যে, এরা হত্যাকারী বা হত্যার সঙ্গে যুক্ত তবে অবশ্যই তাদের এরকম শাস্তি হওয়া উচিত। দেশে আইনের শাসন তাতে ভালো হবে।’