স্বাস্থ্যঝুঁকি নেব না যখন নিরাপদ মনে হবে তখনই স্কুল খুলব -----------------শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভর করছে, আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ পাব, নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব। মোটকথা, আমরা স্বাস্থ্যঝুঁকি নেব না। যখন মনে করব, ঝুঁকিটা খুবই কম, এখন খোলা নিরাপদ, তখনই আমরা স্কুল খুলব।

গতকাল বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রধান অতিথি হিসেবে ‘নিরাপদে স্কুলে ফিরি’ ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ ১৫টি উন্নয়ন সংস্থা এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনের লক্ষ্য হলো—সরকারকে সহায়তা করা। যাতে করে শিশু, পরিবার, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষাকার্যক্রম শুরুর জন্য প্রস্তুত হতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি মার্চে স্কুল খুলতে পারি, সেই হিসেবে আমরা নতুন করে এসএসসি ও এইচএসসির জন্য সিলেবাস তৈরি করেছি। এসএসসির জন্য ৬০ কর্মদিবসে ও এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসের সিলেবাস তৈরি করেছি। এখন যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একটু দেরি হয়, তাহলে পরীক্ষা আরেকটু পরে নেব। তারপরে তাদের পরবর্তী পর্যায়ে যেতে তেমন কোনো সমস্যা হবে বলে আমরা মনে করছি না।

তিনি বলেন, অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সব খোলার ব্যাপারে কথা হচ্ছিল, তখন তিনিও আমার সঙ্গে একমত হয়েছেন, আমাদের যারা আবাসিক ছাত্র তাদের যদি টিকা আমরা দিয়ে দিতে পারতাম, তাহলে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারতাম। প্রধানমন্ত্রী তার সানুগ্রহ সিদ্ধান্ত দিয়েছেন, সব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এটি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সহায়তা করবে। আমরা এর পাশাপাশি বা পরের ধাপেই হয়তো, আবাসিক ছাত্রদেরও টিকা দিতে পারব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, বাংলাদেশে ইউনিসেফের উপ-প্রতিনিধি ভিরা মেন্ডোনকা, বাংলাদেশস্থ কানাডার হাইকমিশনের হেড অব ডেভেলপমেন্ট অ্যাসিট্যান্স ফেদ্রা মুন মরিস, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশনের পরিচালক টনি মাইকেলের সঞ্চলনায় সেভ দ্য চিলড্রেনের পরিচালক রিফাত বিন সাত্তার ক্যাম্পেইনের পটভূমি তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোরশেদ।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের মধ্যে সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে  শিক্ষা মন্ত্রণালয়।