গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাহারাদার ইয়াসিন শিকদার (৩০) ও বাগানের মালী আকাশ শিকদারকে (২৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের এক কম্পিউটারের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুজনের কাছে ৬৩ পিস ইয়াবা পাওয়া যায়।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বলে জানায়। ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশে ইয়াবা গ্রহণ ও ব্যবসা করে আসছিল।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
