রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মুমূর্ষু অবস্থায়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:১২

জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন বলেছেন, দেশের রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের অনৈক্যের কারণে গণতন্ত্র আজ ধ্বংসের পথে। একই কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও মুমূর্ষু অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানগুলো লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দলের মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান  অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

লিংকন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ চলছে মিডনাইট ভোটের সরকারের অধীনে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে আমলাদের দৌরাত্ম্যে জনপ্রতিনিধিরা কোণঠাসা। আওয়ামী লীগের সত্ ও  দেশপ্রেমিক কর্মীরাও দুর্নীতিবাজ হাইব্রিড সিন্ডিকেটের কাছে অসহায়। দেশ চলছে আমলাদের শাসনে। রাজনীতির ময়দানে রাজনীতিবিদরা পরাজিত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সম্মানে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি। হান্নান খান বাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন—পার্টির ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আব্দুল বারেক, যুগ্মমহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, মহসিন সরকার, গোলাম মোস্তফা, গাজী ওমর ফারুক, আনোয়ার হোসেন, লোকমান হোসেন প্রমুখ।