বগুড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৩

বগুড়ার সোনাতলা উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

গতকাল বুধবার পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে বলা হয়, ৮ ফেব্রুয়ারি বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, সোনাতলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে।

মহিলা পরিষদ অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে হত্যার এ বর্বর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। নির্যাতনের শিকার গৃহবধূর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি করছে। এ ধরনের নৃশংস, বর্বর ঘটনার পুনরাবৃত্তিরোধে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানাচ্ছে। সেইসঙ্গে এই ধরনের অমানবিক ঘটনাসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সব সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।