ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বোমা বিস্ফোরণ মামলায় বোমারু মিজান ওরফে কওসার ওরফে জাহিদুল ইসলামকে ২৯ বছর কারাদণ্ডের আদেশ দিল কলকাতা নগর দায়রা আদালত। বুধবার আদালতের মুখ্য বিচারক শুভেন্দু সামন্ত এই রায় দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১২৫, ১৬, ১৮, ২০ ইউএপিএ ধারা, ২৫ অস্ত্র আইন এবং ফরেনার্স অ্যাক্টের ১৪ নম্বর ধারায় এই সাজা ঘোষণা করা হয়েছে।
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে এই ঘটনাটি ঘটেছিল। বোমারু মিজান ছিল এই চক্রান্তের মূল হোতা। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়। কওসার সম্পর্কে এনআইএ জানিয়েছে, সে বাংলাদেশের খুলনার বাসিন্দা। ২০০৫ সালে বাংলাদেশে বোমা বিস্ফোরণ ঘটায়। তারপর ভারতে পালিয়ে আসে। বাংলাদেশের জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ-এর অন্যতম নেতা। এ ঘটনায় দুই মহিলাসহ ৩১ জনকে গ্রেফতার করে এনআইএ। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় ৩১ জনের সাজা ঘোষণা হয়। এনআইএর বিশেষ সরকারি আইনজীবী শ্যামল ঘোষ জানান, ঘটনায় মোট ৬৩০ জন সাক্ষ্য দেয়। বহু তথ্য জোগাড় করা হয়। কওসার ধরা পড়ে ২০১৮ সালে বেঙ্গালুরুতে। শুধু খাগড়াগড় নয়, বুদ্ধগয়া বিস্ফোরণ মামলাতেও সে অভিযুক্ত।
