বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানের আহ্বান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৯

পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধা প্রদানে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এতে রপ্তানি বাড়বে এবং উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমবে। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংকিউনের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। দুই দেশ উদ্যোগ নিলে এই সুযোগ কাজে লাগানো সম্ভব। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া উন্নয়নশীল দেশগুলোকে শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধা দিচ্ছে। বাংলাদেশও উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে, এই সুযোগ কাজে লাগাতে চায় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পাশে রয়েছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।