করোনা ভাইরাসের টিকা নিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মঙ্গলবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি। সাংবাদিকরা টিকা গ্রহণের ছবির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য নয়।
হাসপাতালে ভিড় করে টিকা নেওয়ার ছবি তোলার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, আমি দেখলাম সবাই টিকা নিচ্ছে ছবি দেখানোর জন্য। আমি রেকর্ড রাখতে চাই না, কারণ এটা সুখকর খবর না। অনেক মানুষ জীবন হারিয়েছেন। টিকা নেওয়ার সময়ের অনুভূতি সম্পর্কে বলেন, একটা ইনজেকশন নেওয়ার সময় যেমন লাগে তেমনই লেগেছে। জ্বরও আসেনি, ব্যথাও হয়নি। আমি ভালো আছি। আপনারা সবাই টিকা নিন।
