নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতরা হলো মো. হিজবুল্লাহ মিয়া ওরফে মো. রাসেল আহমেদ ও মো. নুরুল আলম। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, দুটি মেমোরি কার্ড, চারটি সিমকার্ড ও সাতটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। এটিইউ বলছে, গ্রেফতারকৃতরা ধর্মীয় সংগঠনের সদস্যসহ, বিভিন্ন রাজনৈতিক নেতাদের টার্গেট কিলিংয়ের পরিকল্পনা গ্রহণ করছিল।
এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা থানা এলাকা হিজবুল্লাহকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অন্য সদস্য মো. নুরুল আলমকে গ্রেফতার করা হয়। হিজবুল্লাহ টেলিগ্রাম গ্রুপে ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ নামে সিকিউরড গ্রুপ খুলে নিজে পরিচালনা করত। পরবর্তী সময় সে আরো সদস্যদের ঐ গ্রুপের অ্যাডমিন হিসেবে নিযুক্ত করে। তাদের মধ্যে মো. নুরুল আলম অন্যতম। ঐ গ্রুপের বাকি সদস্যদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচার করছিল।
