অপপ্রচারকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

যেসব বাংলাদেশি নাগরিক দেশে-বিদেশে অবস্থান করে বিভিন্ন সামাজিক মিডিয়ায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য কমিটির পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে বলেছে কমিটি।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর  মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী অংশ নেন।

মাদকাসক্ত আসামিরা বিশেষ অপরাধী বিধায় মাদক মামলায় আটককৃতরা যাতে সহজে জামিনে বের হতে না পারে সে লক্ষ্যে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। মাদক মামলাসহ সব মামলায় জড়িতরা যে দলেরই  হোক, তাদের ছাড় না দেওয়ার ওপর কমিটি গুরুত্বারোপ করে। আগ্নেয়াস্ত্র বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদের অগ্রাধিকার দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলা প্রশাসককে চিঠি দেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে। এছাড়াও বৈঠকে পাবনা জেলা কারাগারকে শহরের বাইরে স্থানান্তর করা যায় কি না, তা পরীক্ষা করার সুপারিশ করে কমিটি।